সৌকর্য গ্রুপের একমাত্র ওয়েবজিন।

About the Template

শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৩

কবিতা - ইমেল নাঈম







আকুতি

হিমঘরে পড়ে আছি , যত তাড়াতাড়ি সম্ভব
শেষকৃত্য আয়োজন করা হোক ,
আমার থাকা আর না থাকায়
তোমাদের আর কিছু যায় আসে না।

এইতো সেদিন ,
বিশ্বজিৎকে পুরনো ঢাকায় রাস্তায় কুপিয়ে
নৃশংস ভাবে হত্যা করা হল
সেখানে আমি ছিলাম,
চোখের সামনে ঘটতে দেখলাম প্রাণপাখির বিসর্জন ।

তাজরিন গার্মেন্টসের পুড়নে ,অনলের দাহ্য ক্ষমতাকে
চেখে দেখেছিলাম এক-নিমিষেই ,
কত সহজেই একশত চব্বিশটা প্রাণ . . .
যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের সেই মানসিক বিকারগ্রস্ত
যুবকের অস্ত্রের ঠাঠা হাসি দেখেছিলাম নিরুপায় হয়ে ।

দিল্লীতে কত নিষ্ঠুর হয়ে গেলে তোমরা . . .
নারীর বুকের আঁচল মাটিতে ফেলে দিলে তোমরা
আমারই সামনে । ভেবে দেখো কতটুকু
পাষাণ হলে ল্যাব এক্সপেরিমেন্ট হতে
পারে ছয় বছরের বাচ্চা শিশুকে নিয়ে । 

এসব দেখার তীব্র যন্ত্রণায় কাতরাতে কাতরাতে
তোমাদের সামনেই মৃত্যুবরণ করেছি ,
অথচ তোমরা জানলেও না সে খবর ।
স্বর্গ যাত্রার প্রারম্ভে আশরাফুল মখলুকাতের
কাছে ছোট্ট অনুরোধ, সমাপনী উৎসব হোক
এই নাম ভাঙ্গিয়ে বনিক দলের রুটি-রুজি-রোজগারের ।



সতর্কবার্তা 

এইযে জনাব , 
আয়নায় নিজেকে দেখেন না কতদিন ? 
দেখলে বুঝতেন কতখানি চর্বি জমেছে দেহে । 
গেল মৌসুমে লোক দেখানো কথা বলে 
ভিক্ষা নিয়ে চলে গেছেন শহরে । 
এরপর থেকে কোন খবর নেই , 
মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে 
আর কতদিন লোক ঠকাবেন ? 

প্রতিদিন বিকালে টেলিভিশনে দেখি আপনি 
সুরম্য প্রাসাদে এসির বাতাসে গলাবাজি করেন , 
আর পত্রিকার পাতার রঙিন হরফের শিরোনামে 
ছড়িয়ে থাকে আপনার শরীরের ব্যবচ্ছেদ । 
একবার রাস্তায় এসে দেখুন , চোখের ক'ফোটা 
জল অবশিষ্ট আছে এলাকার মানুষের , 
এই মানুষগুলোর ক'জন খেয়ে - না খেয়ে মরে ! 

শুনুন জনাব আর বেশিদিন সময় হাতে নেই - 
বাক্স পেটরা গুছিয়ে নেন তাড়াতাড়ি , 
সামনের কার্ত্তিকে আসছে ভিক্ষার মৌসুম 
আমরাও বসে আছি সেদিনের অপেক্ষায় ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন